

বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা মোকাবিলায় সরকার ঘোষিত বিভিন্ন সহায়তার প্যাকেজ বাস্তবায়ন শুরু হয়েছে অনেক আগেই। কিছু কিছু ব্যক্তি-পর্যায়ের প্যাকেজ সহায়তা বিতরণ কর্মসূচি শেষ হয়ে গেছে ইতোমধ্যে। কিছু এখনও চলমান। তবে ব্যবসায়িক সহায়তা প্যাকেজ পুরোটাই বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করছে। বর্তমানে এ প্যাকেজ বাস্তবায়ন প্রক্রিয়ায় গতিও এসেছে। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তি খাতের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। করোনা ভাইরাস পরিস্থিতির ক্ষতি কাটাতে ৭২ হাজার কোটি টাকারও বেশি আর্থিক প্রণোদনার প্যাকেজ ঘোষণা করে সরকার। করোনাভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক খাত যে ক্ষতির শিকার হয়েছে তা কাটাতেই সরকার এই প্রণোদনা প্যাকেজ দিয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্যে গতি আনতে, উৎসাহ জোগাতে, ক্ষতি কাটাতে সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে যে আর্থিক প্যাকেজ বা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সেটিই আর্থিক প্রণোদনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি ২০২০ সালের ৫ এপ্রিল করোনাভাইরাসের আর্থিক ক্ষতি কাটাতে এই ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন। জানা গেছে, সরকার ঘোষিত খাতভিত্তিক প্রণোদনার মধ্যে শিল্প ঋণের জন্য ৩০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, রফতানিমুখী শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ বাবদ পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।