

ডেস্ক নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,করোনার দ্বিতীয় ধাক্কা আসছে বিশ্বব্যাপী। আমরা প্রস্তুতি নিচ্ছি মানুষ যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা— এই দায়িত্বটা সবাইকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে, সেটা ইতোমধ্যে ক্রয় করার জন্য আমরা আগাম টাকা-পয়সা দিয়ে বুক করে রেখে দিয়েছি। কাজেই সেইদিক দিয়ে দেশবাসীর চিন্তার কিছু নেই।’ আজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ‘বীর প্রতীক গাজী সেতু’সহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসার পর সারাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলেছি। এর ফলে আজকে আামাদের অর্থনীতির চাকা অনেক সচল এবং এই করোনাকালেও অর্থনীতি অটুট আছে। পরিকল্পনা নিয়েছি এবং যখনি সরকারে এসেছি, তা বাস্তবায়ন করেছি। তিনি আরত্ত বলেন, আওয়ামী লীগ একটা সংগঠন। আওয়ামী লীগ হঠাৎ করেই কোনোকিছু করেনি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন থেকেই কিন্তু আমাদের পরিকল্পনা ছিল। জাতির পিতা কিন্তু এসব পরিকল্পনা বহু আগেই করে গেছেন। তিনি আমাদের যে সংবিধান দিয়ে দিয়েছিলেন, সেই সংবিধানেই কিন্তু এদেশের মানুষের সার্বিক উন্নয়নের কথা, মৌলিক চাহিদা পূরণের কথা, স্পষ্ট উল্লেখ করে গেছেন। সেই দিকেই অনুসরণ করেই আমরা উন্নয়নের পরিকল্পনাটা নেই।