

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে প্রথমদিন শেষে ৬ উইকেটে ২৩৩ রান করেছে ভারত। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । বিদেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতীয়দের। মাত্র দু’বল খেলে মিচেল স্টার্কের বলে শূন্য রানে আউট হন ওপেনার পৃথ্বী শ। অন্যপ্রান্তে মায়াঙ্ক আগারওয়াল দু’বার আউট হওয়ার সুযোগ দিয়ে শেষ পর্যন্ত বিদায় নেন ১৭ রান করে।
৩২ রানে দুই উইকেট হারানো ভারত দলকে স্বস্তি এনে দেয় চেতেশ্বর পুজারা ও অধিনায়ক কোহলির ব্যাট। ধীরগতিতে ব্যাট করলেও ৬৮ রান যোগ হয় তৃতীয় উইকেট জুটিতে। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে বিদায় নেন পুজারা। ২১৮ মিনিটে ১৬০ বল খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যানের ইনিংসে ছিল দুটি চার। তার বিদায়ের পর আজিঙ্কা রাহানের সঙ্গে আরেকটি দীর্ঘস্থায়ী জুটি গড়েন কোহলি। যোগ হয় আরও ৮৮ রান। কিন্তু ব্যক্তিগত ৭৪ রানে রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন কোহলি। অধিনায়কের বিদায়ে চাপে পড়ে ভারতীয়রা।
কোহলির ১৮০ বলের ইনিংসে ছিল দর্শনীয় ৮ টি চার। কোহলি আউট হবার পরপরই রাহানের উইকেটও খুইয়ে বসে ভারতীয়রা। ৪২ রান করা রাহানেরর ইনিংসে তিনটি ৪ ছাড়াও ছিল এক বিশাল ছক্কা। শেষের দিকে ১৬ রান করা হনুমা বিহারির উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত দল।
গোলোপি বলে অস্ট্রেলিয়া এরই মধ্যে ৭টা টেস্টে জয়ী হয়েছে। বিদেশের মাটিতে ভারতের এটাই প্রথম দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশের বিপক্ষে এরআগে তারা একমাত্র দিবা-রাত্রির টেস্ট খেলেছে। বোর্ডার-গাভাস্কার সিরিজে মোট চারটি টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া।