

ডেস্ক নিউজ, ঢাকা: তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ফলে করোনাভাইরাসে আক্রান্ত ৮ব্যক্তির মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশে শনিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাংকো ইউনিভার্সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি অক্সিজেন মেশিনে আগুন ধরার পর। ওই অক্সিজেন মেশিনটি ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহার করা হচ্ছিল। অগ্নিকাণ্ডের ফলে ঘটনাস্থলেই সাত রোগীর মৃত্যু হয়। দগ্ধ অপর এক ব্যক্তিকে অন্য হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে। হাসপাতালের করোনা রোগীদের স্থানীয় একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে।