

ডেস্ক নিউজ, ঢাকা: আমেরিকায় ছড়িয়ে পড়া অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসটি যুক্তরাষ্ট্রের আরও একটি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। কলোরাডো অঙ্গরাজ্যের পর এবার ক্যালিফোর্নিয়াতেও ভাইরাসটি শনাক্ত হয়েছে ভাইরাসটি। বুধবার এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বিষয়টি নিশ্চিত করেছেন। কলোরাডোর একদিনের মাথায় ক্যালিফোর্নিয়ায় নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি শনাক্ত হলো। গভর্নর গ্যাভিন নিউসম-এর ঘোষণার পর সান ডিয়াগো কাউন্টির কর্মকর্তারা জানান, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটিতে শনাক্ত হওয়া ব্যক্তির বয়স ৩০ বছর। তার কোনও ভ্রমণের ইতিহাস নেই। ওই ব্যক্তির মধ্যে গত ২৭ ডিসেম্বর প্রথমবারের মতো নতুন ভাইরাসটির কিছু উপসর্গ দেখা যায়। পরে ২৯ ডিসেম্বর পরীক্ষায় তার নতুন বৈশিষ্ট্যের কোভিড-১৯ ধরা পড়ে। তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। তার পরিবারের আরেকজন সদস্যের শরীরেও ভাইরাসটির উপসর্গ ধরা পড়েছে।