

মো. আতাউর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলাসহ আশেপাশের এলাকায় অল্প পরিসরে বোরো ধান কাটা শুরু হয়েছে। আধা-পাকা সোনালী ধান ঘরে তোলার জন্য শুধুই অপেক্ষার প্রহর গুনছেন কৃষকরা। তবে বৈশাখি ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ঠিকমতো তাঁরা ফসল ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শংসয় প্রকাশ করেছেন অনেক কৃষক। গত বুধবার রাতের ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে অনেক স্থানে আধা-পাকা ধান মাটিতে নুইয়ে পড়ায় ফসল ঘরে তোলা নিয়ে তাদের শংকা বেড়ে গেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ধানের শীষে দোল খাচ্ছে আধা-পাকা সোনালী ধান। বিচ্ছিন্ন ভাবে কৃষকরা আগাম জাতের ধান কাটা শুরু করেছেন। অনেক স্থানে জমির আইলে ঘুরে ঘুরে কৃষকরা ধানের অবস্থা পর্যবেক্ষণ করছেন। এ সময় কথা হয় ফহিমপুর গ্রামের কৃষক অনিল কুমারের সাথে। তিনি জানান, তিনি চলতি বছরে ৫ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন। ধানের ফলন বেশ ভালো হয়েছে। ঝড়-বৃষ্টি না হলে তাঁরা সুষ্ঠভাবে বোরো ধান ঘরে তুলতে পারবেন। বুধবার রাতের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে অনেক স্থানে আধা-পাকা ধান মাঠে নুইয়ে পড়েছে বলেও তিনি জানান।
চলতি বছরে পত্নীতলায় ১৯ হাজার ৬শত ৫০ হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে উঁচু স্থানের ধান, আম, লিচুসহ অন্যান্য ফসলের জন্য ভালো হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।