স্পোর্টস ডেস্কঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বিপিএলের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল নিয়ে বাংলায় বহুল প্রচলিত প্রবাদটাই সবার মুখে মুখে ফিরছিল।
সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা এবার উড়িয়ে এনেছে স্টিভ রোডসকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই হেড কোচ গতকাল বিসিবি একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলনেও ছিলেন। ইংলিশ কোচ রোডসের অন্তভুর্ক্তি নিয়ে কারো মনেই দ্বিমত নেই। নিপাট ভদ্রলোক, ভালো কোচও তিনি। কিন্তু বিপিএলে দুই বারই মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা| টুর্নামেন্টে সবচেয়ে সফল কোচও তিনি।
একা হাতেই এতদিন দলটাকে পরিচালনা করেছেন সালাউদ্দিন। বাংলাদেশের ক্রিকেটে তার সফলতা, ক্রিকেটার তৈরির দক্ষতা সর্বত্র সমাদৃত। ক্রিকেটারদের থেকে সেরাটা বের করা আনা, পরিকল্পনা করা, দলটাকে পরিবারে পরিণত করার ক্ষেত্রে তার জুড়ি নেই। রোডসের মতো কারো উপস্হিতিতে সালাউদ্দিন কতৃর্ত্ব হারাবেন না তো, নিজের পরিকল্পনা বাস্তবায়নে বাধাগ্রস্ত হবেন না তো।
এমন শঙ্কার সবার মধ্যেই বিরাজ করছে। যদিও সালাউদ্দিন নিজে কুমিল্লায় রোডসের অন্তভুর্ক্তিকে ইতিবাচকভাবে দেখছেন। টাইগারদের সাবেক হেড কোচের কাছ থেকে শেখার, পরামর্শ নেওয়ার সুযোগ দেখছেন তিনি। তবে অনেক সন্ন্যাসীর ভিড়ে নিজের স্বকীয়তা বিসর্জন দেবেন না সালাউদ্দিন। দলের হার-জিত সবকিছুর দায়ভার, দেখভাল তিনিই করবেন।
নানাবিধ শঙ্কার কথা বলতেই গতকাল বিসিবি একাডেমির সামনে দেশের অন্যতম সেরা এই কোচ বলেন, ‘আমার দল আমি চালাই। আমি কারো কথায় চলি না।তেমন হলে তো আরো বড় জায়গায় আমাকে দেখতেন। আমার দলের দায়ভার আমার। অতীতে যেমন ছিল, এবারও তেমনই থাকবে।’
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোডসের অন্তভুর্ক্তি নিয়ে সালাউদ্দিন বলেন, ‘ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি (রোডস) অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়তো অনেক ভালো তথ্য দেবে, আমি হয়তো ভালো কিছু শিখতে পারব। সে খুব বিনয়ী, ভালো মানুষ, এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিষ্কার করেছে। আজ (গতকাল) প্রথম দিনে ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছে, কীভাবে কী করতে হবে এসব নিয়ে।’
কুমিল্লার পরামর্শক হয়ে আড়াই বছর পর বাংলাদেশের ক্রিকেটে ফিরলেন রোডস। ২০১৮ সালে টাইগারদের হেড কোচ হয়ে এসেছিলেন তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার বলি হন রোডস, তাকে বিদায় করে দেয় বিসিবি। তার অধীনে প্রথম ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ এবং এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। নিউজিল্যান্ড ফেরত স্হানীয় ক্রিকেটারদের ছুটি দিয়েছে কুমিল্লা। ইতিমধ্যে ফাফ ডু প্লেসিস ঢাকায় এসেছেন। গতকাল চলে আসার কথা সুনীল নারিনের| আগামীকাল সবাইকে পেয়ে যাবেন আশা করছেন সালাউদ্দিন।
