

নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশী কমিউনিটি লিডার মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি সেন্টারে গত ২৭ এপ্রিল বুধবার আয়োজিত হয় এ ইফতার মাহফিল । এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা যোগ দেন।
ইফতার মাহফিলে মোহাম্মদ এন মজুমদার নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি বিনির্মানে মিডিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন, আমি দীর্ঘ্যদিন ধরে নানাভাবে কমিউনিটি সেবা দিয়ে আসছি। আমার প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া সেবার মধ্যে রয়েছে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। কমিউনিটির মানুষের জন্য এ দায়িত্ব পালনে মিডিয়ার সহযোগিতা অনস্বীকার্য । আপনাদের অব্যাহত সমর্থন আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা সব সময়।
অনুষ্ঠানে আয়োজক মোহাম্মদ এন মজুমদারের কন্যা এটর্নী নাসরীন মজনু শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক এমএম শাহীন সহ অন্যান্য সাংবাদিকরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। এমএম শাহীন তার বক্তব্যে কমিউনিটির কল্যাণে মোহাম্মদ এন মজুমদারের নানা অবদানের কথা তুলে ধরেন।
শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার টাইমসের সম্পাদক শেখ মুসা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন।