ঝলমলে দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: নির্ধারিত ওভারের ৫ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ। ২৫৩ রানের রেকর্ড জুটি গড়ে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম-লিটন দাস। বাইরে দাঁড়িয়ে থাকা সতীর্থদের অভিবাদন গ্রহণ করতে করতেই ড্রেসিং রুমে ঢুকলেন দুই উইকেটকিপার ব্যাটার। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ২৭৭ রানে। এমন বাংলাদেশকে সুদূর অতীতে পাওয়া যায়নি। ধ্বংসস্তুপ থেকে এভাবে ঘুরে দাঁড়িয়ে প্রভাব বিস্তার করা ইনিংস কমই আছে। মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে অন্ধকার ঠেলে আলো ঝলমলে দিন পার করলো স্বাগতিকরা।

Manual6 Ad Code

আজ (সোমবার) ঢাকা টেস্টে প্রথম দিন মাঠে নেমেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরাবরই টস জেতাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অধিনায়ক মুমিনুল হক টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই চালকের আসনে বসলেও মুদ্রার উল্টোপিঠ দেখতে খুব বেশি সময় লাগেনি। মাত্র ৪২ মিনিটে লঙ্কান দুই পেসারের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ৬.৫ ওভারে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে! ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থসাউন্ডে ১৮.৪ ওভারে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

Manual4 Ad Code

কিন্তু সেই সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দেয় মুশফিক-লিটন জুটি। ষষ্ঠ উইকেটে দুই ব্যাটার ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। যেভাবে ব্যাট করছেন, তাতে আশা করাই যায় আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয় দিনে তাদের নতুন শুরু বাংলাদেশের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code