

ডেস্ক নিউজ, ঢাকা: বাংলাদেশ টাইগার্সে স্কিল ক্যাম্প দিয়ে ফেরার লড়াইয়ে ছিলেন শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকলেও সোমবার হুট করে ডাক পান দ্বিতীয় টেস্টের দলে। তবে রবিবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ফোনে টেস্ট দলে ডাক পাওয়ার বিষয়টি জানতে পেরেছেন। সোমবার সন্ধ্যায় দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়ে গেছেন শরিফুল। বাঁহাতি পেসার সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তার আগে জানিয়েছেন, হঠাৎ করে ডাক পেলেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন। বিমানবন্দরে বলেছেন, ‘কালকে (রবিবার) রাতে জেনেছি। তবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম, পাপন স্যার কল দিয়েছিলেন। গল্প বলতে কিছু নেই, পাপন স্যার কল দিয়ে (ওয়েস্ট ইন্ডিজ যেতে) বললেন, আমি বলেছি জি স্যার যাবো।’