

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ ঘানাতে মারবার্গ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই ঘটনায় একটি নতুন গণ সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। তীব্র সংক্রমণশীল এই ভাইরাসটিতে আক্রান্ত হলে জ্বর, পেশিতে ব্যথা, ডায়রিয়া, বমি এবং কিছুক্ষেত্রে চরম রক্তক্ষরণে মৃত্যু হয়। অতীতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে, বিশেষ করে আফ্রিকায়।
মারবার্গ ভাইরাস কী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুসারে, প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সমগোত্রীয় হলো মারবার্গ। ১৯৬৭ সালে জার্মানির মারবার্গ ও ফ্রাঙ্কফুর্ট এবং সার্বিয়ার বেলগ্রাদে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ৩১ জন আক্রান্ত ও ৭ জনের মৃত্যুর পর প্রথম মারবার্গ ভাইরাস শনাক্ত হয়।