বিএনপিকে রাজপথে মোকাবিলার ঘোষণা আ.লীগের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তারা (বিএনপি) যেখানে সন্ত্রাস করবে, সেখানেই প্রতিরোধ, প্রতিহত করা হবে বলেও তারা জানান। বুধবার (১৭ আগস্ট) বিকালে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসব কথা জানান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি ‘সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এ সমাবেশে অংশ নেন। এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মৎস্য ভবন এলাকা লোকারণ্য হয়ে যায়।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মৎস্য ভবন-কদম ফোয়ারা-প্রেস ক্লাব ও জিরো পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code