

ডেস্ক নিউজ: সাফ ট্রফি জেতা বাংলাদেশ নারী ফুটবল দল অন্ধকারে জ্যোতি ছড়িয়ে আপন ভুবন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পৌঁছেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাস এখানে আসে। এ সময় হিমালয় জয় করা বাঘিনীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সেখানে সাবিনাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এদিন তারা দেশে ফেরেন দুপুর ১টা ৪৫ মিনিটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা। এ সময় সাফজয়ীদের কেক কেটে খাওয়ান ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি ফুল দিয়ে বরণও করে নেওয়া হয়।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রব্বানী ছোটন ও সানজিদা আক্তার। সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেন, এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, সকল মানুষের।
তারপর সাফজয়ীদের নিয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসের শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় তাদের ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশে সাফজয়ীদের দেখে জনগণ হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সাবিনারাও হাসিমুখে হাত নেড়ে তাদের জবাব দেন। খোলা ছাদের বাসে সামনে ট্রফি হাতে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। তার পাশে ছিলেন সানজিদা, মাশুরা পারভীনরা।