

ভারত প্রতিনিধি: ভারতীয় ওষুধ কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালের কাশির সিরাপ পানের পর গাম্বিয়ায় ৬৯ শিশুর মৃত্যুর জেরে ওই কোম্পানির ওষুধ উৎপাদন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারত। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মেইডেন ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয় ও ওষুধ কারখানা হরিয়ানা রাজ্যের সোনেপাত শহরে। রয়টার্সকে অনিল ভিজ বলেন, দিল্লির কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ আসার পর মেইডেন ফার্মাসিউটিক্যালসের বিষয়ে তদন্তে নেমেছিল ভারতের অন্যতম কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) হরিয়ানা রাজ্যশাখা এবং রাজ্যসরকারের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কতৃপক্ষ। তদন্তে মেইডেন ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদন সংক্রান্ত ১২টি অনিয়ম দেখতে পায় এ দুই কর্তৃপক্ষ সংস্থা।