

ডেস্ক নিউজ: ম্যাচের প্রথমার্ধে ঘরের মাঠে বেশ দাপুটেই ছিল বার্সেলোনা। বিরতির আগে ফরাসি উসমান দেম্বেলের গোলে এগিয়েও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের পর সেই দলই খেই হারালো। সেই সুযোগে পরপর দুই গোলে সমতা টেনে এগিয়ে যায় ইন্টার মিলান। তবে তখনও অনেক বাকি; কখনও বার্সেলোনা, কখনও আবার ইন্টার মিলানের দিকে ঝুঁকছিল ম্যাচ। পরের অর্ধে ৫ গোল হওয়া হাইভোল্টেজ ম্যাচে ৩-৩ গোলে কোনও মতে রক্ষা পায় বার্সেলোনা। তবে এতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার পথে কিছুটা হলেও এগিয়ে গেলো ইন্টার মিলান। আর টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে বার্সেলোনা।
ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা। প্রথমে এগিয়ে গিয়েও পরে হারের শঙ্কায় পড়ে বার্সেলোনা। তবে রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে মূল্যবান একটি পয়েন্ট নিশ্চিত করে তারা।