

ডেস্ক নিউজ: ঢালিউডের একটি সিনেমা টানা পাঁচ মাস ধরে প্রেক্ষাগৃহে চলছে; চোখ বন্ধ করে নিকট অতীত কল্পনা করলে এমন খবর পাওয়া যায় না। দৃশ বদলের এই গল্প রচনা করেছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। গত ১০ জুলাই মুক্তি পাওয়ার পর থেকে এখনও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে ১৫০ দিন পূর্ণ করেছে ছবিটি। যা প্রায় পাঁচ মাসের সমান। এখনও ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসে চলছে ‘পরাণ’। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শ্যামলী স্কয়ারেও ফের প্রদর্শিত হবে ছবিটি।
কোন জাদুতে টানা এতদিন ধরে প্রেক্ষাগৃহে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ‘পরাণ’? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ।
নির্মাতা রাফীর মতে, দেশের কোনও সিনেমা এর আগে একটানা এতদিন প্রদর্শিত হয়নি। তিনি বলেন, “একটানা ১৫০ দিন; এর মধ্যে একদিনও গ্যাপ যায়নি। এর আগে বাংলাদেশের কোনও সিনেমা একটানা এতদিন চলেছিলো কিনা, আমার জানা নেই। ‘পরাণ’কে আসলে মানুষ তাদের মনে গেঁথে নিয়েছেন। এ কারণে নতুন ছবি আসছে, আবার নামছে; কিন্তু ‘পরাণ’কে নামাতে পারছেন না হল মালিকরা। এখনও হলে এসে দর্শক ছবিটি দেখতে চায়। কিছু ছবি থাকে, যেগুলোর সঙ্গে মানুষ একাত্মতা প্রকাশ করে ফেলে। ‘পরাণ’ তেমনই একটি ছবি।”