

ডেস্ক নিউজ: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথমবার খেলছে ঢাকা লেপার্ডস। কিন্তু প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি জিততেই ভুলে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। এদিন আগ ব্যাট করে শাইনপুকুরকে ২২৩ রানের লক্ষ্য দেয় লেপার্ডস। তার পর রায়হান উদ্দীনের বোলিং তোপে শাইনপুকুর ১৪৬ রানে অলআউট হলে ৭৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
বিকেএসপির চার নম্বর মাঠে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পিনাক ঘোষ ও সাব্বির হোসেন সিকদারের জোড়া হাফ সেঞ্চুরিতে ঢাকা লেপার্ডস ২২৩ রানের লক্ষ্য দেয়। মাঝারি মানের এই লক্ষ্যে খেলতে নেমেও ৪ রানে দুই ওপেনারকে হারায় শাইনপুকুর। দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও জিসান আহমেদের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর ৪১ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে তাহজিবুল ইসলামকে সঙ্গে নিয়ে অমিত হাসান ৬৫ রানের জুটি গড়েছেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন তাহজিবুল।
শাইনপুকুরের এই ব্যাটার আউট হওয়ার পর আরও একবার বিপর্যয়ে পড়ে দলটি। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩৮.২ ওভারে অলআউট হয়েছে ১৪৬ রানে। তাহজিবুল ছাড়া অমিত হাসানের ব্যাট থেকে আসে ৩৪ রানের ইনিংস। ২৩ রানের ইনিংস খেলেছেন শুভম শর্মা।