

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ ফোনালাপ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটিই চীনা প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির প্রথম ফোনালাপ। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপ হয়েছে। আমি মনে করি এই ফোনালাপ ও চীনে ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির জন্য শক্তিশালী উদ্দীপনা হিসেবে কাজ করবে।
চীনা সরকার জানিয়েছে, ফোনালাপে শি ও জেলেনস্কি ইউক্রেন সংকট নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় শি শান্তি আলোচনার প্রতি চীনের সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছেন।
চীনা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, শি বলেছেন ইউক্রেনে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সবপক্ষের মধ্যে গভীর যোগাযোগ তৈরি সহযোগিতা করতে ইউক্রেন ও অপর দেশগুলোতে একজন বিশেষ দূত পাঠাবে চীন।
শি আরও বলেছেন, চীন দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়া দেখবে না, কিংবা আগুনে ঘি ঢালবে না, কাউকে সুযোগ কাজে লাগিয়ে মুনাফাও করতে দেবে না।