

কানাডা অফিস: কানাডার নোভা স্কটিয়া প্রদেশে ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার বন্যা কবলিত এলাকায় দুই শিশুসহ চারজন নিখোঁজ হয়েছে। ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ এই বন্যায় ‘অকল্পনীয়’ ক্ষয়ক্ষতি হয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবারে হঠাৎ বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ে ২৫ সেন্টিমিটার করে বিভিন্ন স্থানে টানা ২৪ ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। সাধারণত তিন মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেটা একদিনেই হয়েছে। এই ভয়াবহ বন্যায় অনেক রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রিজগুলো দুর্বল হয়ে পড়েছে।
কানাডার ব্রডকাস্টিং করপোরেশনের আবহাওয়াবিদ রায়ান স্নোডন বলেছেন, ১৯৭১ সালের হ্যারিকেনের পর এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।
নোভা স্কটিয়ার প্রশাসনিক প্রধান টিম হস্টোন বলেছেন, আমাদের একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রায় সাতটি ব্রিজ মেরামত করতে হবে।
পুলিশকে উদ্ধৃত করে তিনি জানিয়েছেন, ডুবন্ত গাড়ির ভেতর থেকে দুই শিশু নিখোঁজ হয়েছে। আর বাকি দুইজন গভীর পানিতে গাড়ি চালানোর সময় নিখোঁজ হন। এক পর্যায়ে ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টরেন্টোয় সাংবাদিকদেরকে বলেছেন, এই বন্যায় আমি খুব উদ্বিগ্ন। স্থানীয়দের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার।