

কানাডা অফিস: কানাডার জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে
জড়িত ছিল ভারত। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে
কানাডার জাতীয় নিরাপত্তা সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে
এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।
প্রতিবেদনে দিল্লিকে অটোয়ার জন্য ‘সবচেয়ে উল্লেখযোগ্য হুমকি’
বলে চিহ্নিত করেছে সংস্থাটি। কানাডার শক্তিশালী গণতান্ত্রিক
প্রতিষ্ঠান ও প্রক্রিয়া রক্ষায় আরও সতর্কভাবে পদক্ষেপ নিতে
ট্রুডো প্রশাসনকে পরামর্শ দেয়া হয়েছে।
কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জার
হত্যাকাণ্ড ইস্যু ঘিরে আগে থেকেই বিরোধ চলছে দিল্লি-অটোয়ার।
অভিযোগ পাল্টা অভিযোগের জেরে দুই দেশের ফাটল ধরা কূটনৈতিক
সম্পর্ক ঠিক হওয়ার বদলে যেন দিন দিন আরও অবনতি হচ্ছে।
এবার ভারতের দিকে গুরুতর আরেক অভিযোগের তীর ছুড়েছে কানাডা।
কানাডার জাতীয় নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম
জানায়, দেশটির নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে জড়িত ছিল ভারত।
চীন ও ভারত নির্বাচিত প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের
টার্গেট করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে বলেও দাবি
করা হয়। একইসঙ্গে দিল্লিকে অটোয়ার জন্য এখন পর্যন্ত
‘সবচেয়ে উল্লেখযোগ্য হুমকি’ বলে চিহ্নিত করেছে সংস্থাটি।