

ডেস্ক রিপোর্ট: পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমে আসছে নদীর পানিও। বিপদসীমার নিচে নেমেছে অনেক নদীর পানি। তবে এখনও কুশিয়ারা, গোমতি ও মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ সোমবার (২৬ আগস্ট) দেশের তিনটি নদীর তিন স্টেশনের পানি বিপদসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রবিবার ৪ নদীর ৬টি স্টেশনের পানি বিপদসীমার ওপরে ছিল। এরমধ্যে গোমতির নদীর কুমিল্লা স্টেশনের পানি ৭৮ থেকে নেমে আজ ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এছাড়া মুহুরী নদীর পরশুরাম স্টেশনের পানি আজও বিপদসীমার ওপরে আছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পানির উচ্চতা সম্পর্কে জানা যায়নি। এদিকে রবিবার (২৫ আগস্ট) কুশিয়ারা নদীর পানি তিন স্টেশনে বিপদসীমার ওপরে থাকলেও আজ সোমবার তা নেমে শুধু অমলশীদ পয়েন্টের পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। রবিবার বিপদসীমার ওপরে থাকা মনু নদীর মৌলভিবাজার স্টেশনের পানি আজ বিপদসীমার নিচে নেমে গেছে।
পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমা অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি কমা অব্যাহত আছে। ফলে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।