নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তি উদযাপন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:১৯, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তি উদযাপন

newsuk
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তি উদযাপন

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী। প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এ সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২ নভেম্বর রোববার ট্যারেস অন দ্য পার্কে অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তীর এ উৎসব। প্রায় ১০০০ প্রবাসী বাংলাদেশি এ অনুষ্ঠানে যোগ দেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এরপর ছিল গীতা পাঠ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের প্রয়াত সকল কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কর্মকর্তা জামিল আনসারী। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার পরিচালনায় এবং সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সুবর্ণ জয়ন্তী উৎসবের আহবায়ক এবং বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, সাবেক সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. হামিদুজ্জামান, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি ডা. মইনুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সভাপতি ডা. বিল্লাহসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা বক্তব্য রাখেন। জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীরা ‘আমি বাংলায় গান গাই’র সাথে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে।
সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে বাংলাদেশ সোসাইটির সাফল্য ও কার্যক্রমে অবদান রাখা সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য একটি প্রতিষ্ঠা ও কয়েকজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা সফল তরুণ-তরুণীদেরও সম্মাননা জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ৬ ব্যক্তিকে ‘সোসাইটির অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তারা হলেন সাংবাদিকতায় সৈয়দ মুহাম্মদ উল্লাহ, সমাজকর্মে জীবন উৎসর্গ করা কামাল আহমেদ (তার কন্যা রুমানা আহমেদ অ্যাওয়ার্ড গ্রহণ করেন), ক্রীড়া ব্যক্তিত্ব সাইদুর রহমান ডন, সাংস্কৃতিক সংগঠক সেলিমা আশরাফ, শিক্ষা বিস্তারে মোশারফ হোসেন খান চৌধুরী, সংগঠক কাজী আজহারুল হক মিলন এবং বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির সন্তানদের টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করতে ২৫ বছর যাবত কর্মরত ‘দ্য অপ্টিমিস্টস’। সোসাইটির কর্মকর্তারা এসব অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার বাংলাদেশ সোসাইটি এবং এর শীর্ষ কর্মকর্তাগণকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছেন কমিউনিটি সার্ভিসে অবদানের জন্যে। কুইন্স বরো প্রেসিডেন্টের অফিস থেকেও সাইটেশন প্রদান করা হয়।
সুবর্ণ জয়ন্তী উৎসবের পরিপূরক হিসেবে নতুন প্রজন্মের চারজনের অনুভূতি ব্যক্ত করার পর্বটি সকলের দৃষ্টি কেড়েছিল। তারা যুক্তরাষ্ট্রে বেড়ে উঠলেও মা-বাবার ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশে কার্পণ্য করেন না বলে উল্লেখ করেন। তাদের মধ্যে ছিলেন হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েশন করা নামিরা মেহেদি এবং ভিক্টর ঘোষ, সেন্ট জোন্স ইউনিভার্সিটি থেকে ব্যবসা-প্রশাসনে উচ্চতর ডিগ্রি ছাড়াও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে গ্র্যাজুয়েশন করা আনিকা জেবা।
বিগত ৫০ বছরে সোসাইটির নেতৃত্বদানকারী সাবেক কর্মকর্তারা একমঞ্চে হাজির হয়েছিলেন। একইসঙ্গে বেশকিছু নতুন প্রজন্মও সম্পৃক্ত হয়েছিলেন এই উৎসবে। অনুষ্ঠানস্থল ও সাজসজ্জা উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়েছে। সুন্দর ও তথ্যবহুল একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। ‘অগ্রপথিক’ নামে স্মরণিটি সম্পাদনা করেছেন সাহিত্য সম্পাদক আখতার বাবুল। ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ।
সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, এই দীর্ঘ ৫০ বছরে বাংলাদেশ সোসাইটি প্রবাসীদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে যে ভূমিকা রেখেছে, তা আমাদের গর্বের বিষয়। সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, নির্বাচিত সেলিম-আলী পরিষদের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল সোসাইটির নিজস্ব আরও একটি ভবন নির্মাণ। সম্প্রতি আমরা ৪.৯ মিলিয়ন ডলারে নতুন ভবন ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গর্বের অর্জন হবে। তিনি ভবন ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় সুবর্ণজয়ন্তীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতিক হাসান, বাদসা বুলবুল, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, বাউল কালা মিয়া, করিম হাওলাদার, কামরুজ্জামান বকুল, সেলিম ইব্রাহীম প্রমুখ। শিল্পীদের সুরের মূর্ছনায় জমে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।
সুবর্ণজয়ন্তী সফল করতে সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুন অর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ইনক প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও কমিউনিটির কল্যাণে কাজ করে আসছে। এটি নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Manual6 Ad Code

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code