

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচি যথাসময়ে পালন না করা ও সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ নোটিশগুলো প্রকাশ্যে আসে। তবে নোটিশে এরিখিত তারিখ ২৩ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।
শোকজ পাওয়া নেতারা হলেন—শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ। পৌর যুবদলের নেতাদের মধ্যে রয়েছেন আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর এম এ কালাম ও সদস্য সচিব প্রণব বৈদ্য।
জেলা যুবদল সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচি সংশ্লিষ্ট ইউনিটে যথাযথভাবে পালন করা হয়নি। এতে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে পৃথক চিঠিতে এসব নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে। চিঠিতে দপ্তর সম্পাদক হাবিবুর বাশার স্বাক্ষর করেছেন।
নোটিশে বলা হয়, কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা সাত কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।