

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার ‘শুধিতে হবে জন্মের ঋণ, চলে এসো আলোর মিছিলে,’ শীর্ষক আলোর সমাবেশ হয়েছে লন্ডনে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল যুক্তরাজ্য কমিটি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, যেসব ঘটনা মানবসভ্যতার কলঙ্কতিলক হিসেবে চিহ্নিত হয়ে আছে তাদের মধ্যে অন্যতম ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা। এটি ইতিহাসের নৃশংসতম কালো অধ্যায়, তাই মানবিক দায়বদ্ধতা থেকেই ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণায় জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বাংলাদেশি এবং প্রবাসীরা সম্মিলিতভাবে সোচ্চার হয়ে বিষয়টি বিশ্ববাসীর নজরে আনতে হবে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আলতাব আলী পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন ও সমবেত কণ্ঠে দেশাত্ববোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের শুরু হয়। সমাবেশে লন্ডনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল যুক্তরাজ্য কমিটির সভাপতি, সাবেক কাউন্সিলর নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ইস্রাফিল আলম। সমাবেশে আরও বক্তব্য দেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ও ইউরোপিয়ান কমিটির সভাপতি আনসার আহমেদ উল্লা, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মতিয়ার চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদিকা পুস্পিতা গুপ্ত, যুক্তরাজ্য উদীচীর হারুনুর রশীদ, গণজাগরণ মঞ্চের অজান্তা দেব রায়, ড. আনিসুর রহমান (আনিস), কাউন্সিলর মইন কাদরী, অ্যাডভোকেট আয়েশা পপি ও সঞ্জিত দাশ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ইস্রাফিল আলম এমপি বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই একাত্তরের ইতিহাসের নৃশংসতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া উচিত। সমাজ বা রাষ্ট্র বা আন্তর্জাতিক অঙ্গন সবকিছুই নিয়ন্ত্রণ করে জনগণের সম্মিলিত শক্তি। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চয়ই সেই জনমতের বাইরে নয়। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির প্রয়োজনে বাংলাদেশসহ প্রবাসী বাঙালিদের গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি আয়োজনের প্রস্তাব রেখে তিনি বলেন, বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ থেকে এ দাবির পক্ষে ৬-৭ লাখ স্বাক্ষর সংগ্রহ নিশ্চয়ই অসম্ভব কিছু নয়।
নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা আনসার আহমেদ উল্লা বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে লন্ডন হতে পারে অন্যতম ক্যাম্পেইন পয়েন্ট। বিশ্ব রাজনীতির কেন্দ্র এখানে যদি এ দাবিটি নিয়ে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়া যায় তাহলে খুব সহজেই বিষয়টি বিশ্ববাসীর নজরে আনা যাবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নির্মূল কমিটির যুক্তরাজ্য সভাপতি নুরউদ্দিন আহমেদ বলেন, একাত্তরের শহীদদের স্মরণে প্রজ্বলিত আজকের এ আলো সাময়িক নিভিয়ে ফেললেও আলোর এ মিছিল নিয়েই আমরা ভেদ করতে চাই সমাজের সব অন্ধকার রাস্তাগুলো। আলো হাতে অন্ধকার অতিক্রম করার এ প্রেরণা একাত্তরের যে শহীদরা আমাদের দিয়ে গেছেন, আজকের এই দিনে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি তাদের।
তিনি বলেন, ২৫ মার্চ ছিল কালোরাত। কিন্তু একাত্তরের পর থেকে প্রতি বছর আমরা এ রাতটিকে আলোয় ভরিয়ে দিয়ে ঘাতক ও তাদের উত্তরসূরিদের বলতে চেয়েছি অন্ধকার সাময়িক। অন্ধকারের পক্ষের এ শক্তিও মানবিক শক্তির তুলনায় খুবই নগণ্য।