

সম্পাদকীয়: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করেছিল। সেখানে বড় বড় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞের আলোচনায় দেশের অর্থনৈতিক সংকটের কারণগুলো এবং তা থেকে উত্তরণে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এ ব্রিফিংয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হয়েছে। যেমন-ব্যাংকিং খাত ও আর্থিক খাতের বিশৃঙ্খলা, যা আগে থেকে চলে আসছে।
দেশ থেকে প্রতিবছর বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে যাচ্ছে অনেক আগে থেকেই। প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি চলে আসছে-এটিও পুরোনো সমস্যা। বর্তমানে এসবের সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক পরিস্থিতি। সবকিছু মিলে দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট। এর ফলস্বরূপ সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট। এ সূত্র ধরেই এসেছে বিদ্যুৎ সংকট। অর্থাৎ একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত।
এ প্রেক্ষাপটে সিপিডির ব্রিফিংয়ে ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্বল্পমেয়াদিভাবে এ সংকট মোকাবিলার চিন্তা করলে হবে না। এজন্য সংকটের নেপথ্যে যেতে হবে। তার মতে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা লৌহ ত্রিভুজে আটকে গেছে। এ ত্রিভুজের প্রথম অংশটি হলো একমাত্রিক উন্নয়ন দর্শন। দ্বিতীয়ত, স্বার্থের দ্বন্দ্বভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা। প্রতিটি ক্ষেত্রে আইনগতভাবে অনিয়ম তৈরি করা হচ্ছে। এর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। অর্থাৎ যেখানে যাদের স্বার্থ আছে, সেখানে তাদের যুক্ত করা হচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, বিদ্যুতের চাহিদা পূরণে সাময়িক সময়ের জন্য কুইক রেন্টাল তৈরি করা হয়েছিল।