নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২৯ ডিসেম্বর) ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।
অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে হতদরিদ্র মানুষের মধ্যে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
