আলোচনাই সমাধানের সর্বোত্তম পথ

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

সম্পাদকীয়:

Manual5 Ad Code

বিভিন্ন দাবিতে কথায় কথায় রাজপথ অবরোধ, সংঘাত-সহিংসতা, অগ্নিসংযোগ রাজধানীতে যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রোববার রাতেও আমরা দেখলাম বিভিন্ন দাবিতে নিউ মার্কেট এলাকায় সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে। সোমবার যুগান্তরের খবরে প্রকাশ, দুই পক্ষের কয়েক ঘণ্টাব্যাপী পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।

জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রোববার বিকালে সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ওই উপ-উপাচার্যের ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায়। ঢাবি উপ-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটের দিকে এলে রাত পৌনে ১২টার দিকে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ মাঝখানে শক্ত অবস্থানে থেকে দুপক্ষকেই শান্ত করার চেষ্টা করে।

Manual6 Ad Code

বস্তুত দাবি-দাওয়া আদায়ের কৌশল হিসাবে কোনো পক্ষেরই রাস্তা অবরোধ, সংঘর্ষ-ভাঙচুরের মতো কর্মকাণ্ডের মাধ্যমে রাজধানীবাসীকে জিম্মি করা গ্রহণযোগ্য নয়। যারা দাবি আদায়ের পথ হিসাবে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সর্বাগ্রে তাদের জনগণের কথা মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে, কোনো দাবি-দাওয়া আদায়কে কেন্দ্র করে রাস্তা অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে জনদুর্ভোগ তৈরি হলে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আমরা মনে করি, ন্যায্য দাবি-দাওয়া আদায়ের মাধ্যম হিসাবে আলোচনাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও পরিষ্কার জানিয়েছেন সব দাবি-দাওয়ার বিষয়ে লিখিতভাবে জানাতে। এতে অন্তত জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটবে না, নিরাপত্তা বিঘ্নিত হবে না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code