

মিশিগান ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, এ সম্মেলনের কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার জি-২০ বৈঠকের কোনো আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিচ্ছে না। তিনি আরও দাবি করেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন, তা মার্কিন প্রশাসন মোটেও প্রশংসা করছে না। এর আগে রামাফোসা জানান, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র অবস্থান বদলেছে এবং তাদের অংশগ্রহণকে তিনি ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন। তবে যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়ে বলে, তাদের রাষ্ট্রদূত শুধু একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কারণ আগামী বছর যুক্তরাষ্ট্রই জি–২০ সম্মেলনের আয়োজক—ট্রাম্পের মালিকানাধীন ফ্লোরিডার একটি গলফ ক্লাবে।