করোনায় জামালপুরের আরেক পুলিশের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

জামালপুর :
করোনা ভাইরাসে শনিবার (০২ মে) সকালে প্রাণ গেল সুলতানুল আরেফিন হীরা (৪৪) নামে জামালপুরের আরেক পুলিশ সদস্যের। ওই পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন তিনি। এর আগে বুধবার (২৯ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান জামালপুরের এক পুলিশ সদস্য। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো জামালপুর অধিবাসী দুই পুলিশ সদস্যের।
এসআই সুলতানুল আরেফিনের বাড়ি জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের হাজীপুর গ্রামে। তার স্ত্রী, দুই কন্যা এবং এক ছেলে রয়েছে। তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ সূত্র জানায়, দায়িত্ব পালন অবস্থায় এসআই সুলতানুল আরেফিন ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার (০২ মে) সকালে মারা যান।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, এসআই সুলতানুল আরেফিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরো জানান, পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ওই পুলিশ সদস্যের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, সুলতানুল আরেফিনের মরদেহ এখনো তার নিজবাড়িতে এসে পৌঁছায়নি। আমিসহ পুলিশ প্রশাসনের লোকজন তার বাড়িতেই অবস্থান করছি। গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হবে।
তিনি আরো জানান, ওই পুলিশ সদস্য রাষ্ট্রীয় কাজে জনগণের সেবা করতে গিয়েই প্রাণ হারিয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি একজন সাহসী করোনাযোদ্ধা। জামালপুর জেলা জেলা পুলিশের পক্ষ থেকে তার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
এর আগে গত ২৯ এপ্রিল রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান জামালপুরের মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের ইন্দ্রবাড়ী গ্রামের আশিক মাহমুদ (৪২) নামে এক পুলিশ সদস্য। তিনিও রাজারবাগ পুলিশ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ঢাকার ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code