

নন্দীগ্রাম (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।গতকাল রোববার সকালে উপজেলার বাদলাশন গ্রামের কৃষক আবুল হোসেন ও বাবু মিয়ার জমির ধান কাটা হয়।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে উপজেলায় ইরি-বোরো ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দিতে পারে। আর এই আশংকায় যান্ত্রিক পদ্ধতিতে ফসল কাটা ও মাড়াই শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলায় ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘন্টায় তিন বিঘা (এক একর) জমির ফসল কাটা ও মাড়াই করতে পারবে কৃষক।
কৃষক বাবু মিয়া বলেন, আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করায় কৃষকরা লাভবান হচ্ছেন। এতে খরচ কম পড়ছে এবং শ্রমিক সংকটের সমাধান হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু বলেন, উপজেলায় ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারভেস্টার ও একটি রিপার যন্ত্র কৃষকদের দেয়া হয়েছে। এই যন্ত্র দিয়ে ধান কাটার শ্রমিক সংকট নিরসন, দ্রুত ধান কাটা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা সম্ভব হবে।