

নিউজ ডেস্কঃ
নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং এর উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মে শনিবার ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৫ থেকে ৭ বছর বয়সী বিপুল সংখ্যক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাসান মাহদিন চৌধুরীকে ১৪ ইঞ্চি লেপটপ, ২য় স্থান অর্জনকারী হামি হাসানকে ১১ ইঞ্চি লেপটপ এবং ৩য় স্থান অর্জনকারী মাইশাকে ৮ ইঞ্চি টেবলেট পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং এর প্রেসিডেন্ট ও সিইও জাকির চৌধুরীর পরিচালনায় এবং বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুন নূর, পার্কচেস্টার ইসলামিক সেন্টার-পিআইসির ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মো. সাদেক, জালাল চৌধুরী, এ ইসলাম মামুন প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এ কে এম আবদুন নুর। করোনামুক্ত বিশ্ব সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।
