পদ্মা সেতু মাওয়া প্রান্তের ডাঙা স্পর্শ করল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

মো. মানিক মিয়া, লৌহজং-
এক ও দুই নম্বর খুঁটির উপর ৩৮তম স্প্যান বসানোর ফলে মাওয়া প্রান্তের ডাঙা স্পর্শ করল পদ্মা সেতু। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে নির্দিষ্ট খুঁটির কাছে রওয়ানা দেয় ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। প্রায় আধ-ঘণ্টার মধ্যে ক্রেনটি নির্ধারিত খুঁটি দুটির কাছে গিয়ে পজিশন নেয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে স্প্যান বসাতে কিছুটা বিলম্ব হয়। পরে দুপুর পৌনে ৩টায় স্প্যানটি বসানো সম্ভব হয়। ৩৭তম স্প্যান বসানোর ৯দিনের মাথায় ৩৮তম স্প্যানটি বসানো হলো।
সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আর মাত্র ৩টি। এর মধ্যে একটি চলতি মাসে ও অপর দুটি বিজয় দিবসের আগেই বসানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ১২ ডিসেম্বর পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। ৪২টি খুঁটিতে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি খুঁটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। আর দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code