

ডেস্ক নিউজ, ঢাকা: বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানসহ বিদ্যুতের গ্রাহকের ক্ষেত্রে তিনি এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বুধবার (১ জুন) একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদনকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি আলোচনায় আসে।