

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে দখলকৃত ইজিউম শহর থেকে পিছু হটলেও দেশটির পূর্বাঞ্চলীয় আরেকটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রুশবাহিনী বাখমুত শহরের দিকে গুলিবর্ষণ করে এগোতে থাকে। সঙ্গে রয়েছে রকেট ও মর্টারশেল নিক্ষেপ। ধারণা করা হচ্ছে, শহরটির খুব কাছে পৌঁছে গেছে রুশ সেনারা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে। যুদ্ধের আগে বাখমুত শহরের জনসংখ্যা ছিল ৭০ হাজার। শহরটি খনিজ সম্পদে ভরপুর ডনবাস অঞ্চল দখলের লক্ষ্য বাস্তবায়নে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। জুলাই মাসের শুরুতে যখন রুশবাহিনী শিল্প শহর লিসিচানস্ক দখল ও লুহানস্কে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তখন থেকেই তাদের ধীরগতির আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় বাখমুত।