

বিশেষ প্রতিনিধি: আবাদি জমির পরিমাণ কমছে প্রতিনিয়ত। অথচ ব্যক্তিমালিকানায় রয়েছে হাজার হাজার বিঘা জমি। যার অধিকাংশই থাকছে অনাবাদি। ফলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় ঝুঁকির আশঙ্কা করছে সরকার। এ কারণে তিন ফসলি জমি রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রথম পদক্ষেপ হিসেবে ব্যক্তিমালিকানায় ৬০ বিঘার বেশি জমি থাকলে তা বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি অধ্যাদেশ পরিমার্জন করে প্রণীত হচ্ছে নতুন আইন। যা ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে “ভূমি সংস্কার আইন, ২০২২”-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটির খসড়ায় বলা হয়েছে, কোনও ব্যক্তির মালিকানায় ৬০ বিঘার বেশি জমি থাকতে পারবে না। থাকলে তা বাজেয়াপ্ত করবে সরকার। ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানায়, আইন অনুযায়ী দেশের কেউ সর্বোচ্চ ৬০ বিঘার অতিরিক্ত জমির মালিক থাকতে চাইলে তাকে ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার সময় কী কারণে জমি দরকার, তা যুক্তিসহ উল্লেখ করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের কাছে ৬০ বিঘার বেশি জমি রাখার কারণ যুক্তিযুক্ত মনে হলেই অনুমতি পাওয়া যাবে।