

বিশেষ প্রতিবেদন: সরকারি সংস্থাগুলোর কাছে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪৮ হাজার কোটি টাকা। বছর বছর বেড়েই চলেছে এই ঋণ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ পর্যালোচনায় দেখা গেছে, রাষ্ট্রীয় ৩০টি করপোরেশনের মধ্যে ২৪টির কাছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণ ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা। সবচেয়ে বেশি পাওনা রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে— ৮ হাজার ৯৭৫ কোটি টাকা। গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির ঋণ ৮৯৭৫ কোটি টাকা। বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে ঋণ নেওয়ায় এ অবস্থায় দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় সর্বোচ্চ ঋণ আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর— ৮০৫৬ কোটি টাকা। এসব ঋণের উল্লেখযোগ্য অংশই খেলাপি। চলতি অর্থবছরে (২০২১-২২) ১২টি প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪ কোটি টাকায়।