ভাতিজার চমক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলা ব্যান্ড ও পপ মিউজিকের পথিকৃৎ আজম খান। কাণ্ডারি হয়ে তিনিই এই আউল-বাউলের দেশে এনেছিলেন পশ্চিমা আধুনিক মিউজিকের ছোঁয়া। এরপর তা ছড়িয়ে-ছিটিয়ে বিস্তৃত হয়েছে গোটা দেশে। তাই নিঃসংকোচে সকলেই তাকে বলেন ‘পপগুরু’। আজ (২৮ ফেব্রুয়ারি) আজম খানের জন্মদিন। এ উপলক্ষে তার স্মরণে একটি বিশেষ নিবেদন হাজির করেছেন সংগীত পরিচালক আরমান খান। যিনি সম্পর্কে আজম খানের ভাতিজা আর বিখ্যাত সংগীত পরিচালক আলম খানের পুত্র। স্পেশাল এই ট্রিবিউটের নাম ‘গুরুরে’। জন্মদিনে প্রকাশ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেল থেকে।
মূলত আজম খানের সৃষ্ট ও গাওয়া কালজয়ী দশটি গানের নাম দিয়েই গানটি সাজিয়েছেন আরমান খান। এরপর নিজেই সুর করে গেয়েছেন। আবার গানের ভিডিওতেও পারফর্ম করেছেন তিনি। গানটির প্রোগ্রামিং ও সাউন্ড মাস্টারিং করেছেন তুহিন আহমেদ আল আমিন। ভিডিও বানিয়েছেন রিফাত সৌরভ। আজম খানকে স্মরণ করে অতীতেও গান হয়েছে বটে। তবে শ্রোতা ও সংগীত মহলের মানুষেরা বলছেন, এটি তার প্রতি সুন্দরতম নিবেদন। গানটি নিয়ে আরমান খান বলেন, ‘সত্যি বলতে বাবার সুর আর চাচার গান শুনেই তো আমাদের বেড়ে ওঠা কিংবা গানের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলা। সে হিসেবে অন্যরা ভালোবেসে গুরু ডাকলেও, চাচা (আজম খান) তো সত্যিকারের গুরু আমার। সেই আবেগ থেকেই গানটি করেছি। এটি গত বছর তৈরি করেছিলাম। তখন এটি প্রকাশও হয়েছিলো। যদিও সাউন্ডে বেশ কিছু ত্রুটি ছিলো তখন। ফলে এবার শতভাগ ত্রুটিমুক্ত করে প্রকাশ করা হলো। আশা করছি সবার ভালো লাগবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code