

ডেস্ক নিউজ, ঢাকা: একজন ব্যাটার আউট হতেই দ্রুত বেশ কিছু উইকেট হারানো বাংলাদেশ দলের পুরনো সমস্যা। এই সমস্যা কাটিয়ে উঠতে নানা পরিকল্পনা করলেও সেইসব ভেস্তে গেছে। ঢাকা টেস্টেও এখান থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ব্যাটাররা। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা। এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়াটা সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। ম্যাচের তৃতীয় দিনে ধারাভাষ্যকারদের সঙ্গে আলাপকালে সিডন্স বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের এখনও একসঙ্গে উইকেট হারানোর প্রবণতা রয়ে গেছে। এই দিকটায় কোনও বদল আসেনি। আমাদের এটা দ্রুত বদলাতে হবে। এটা মেনে নেওয়ার মতো না।’