

ডেস্ক নিউজ: তাঁরা মুক্তিযুদ্ধ দেখেননি। বইয়ে পড়েছেন মুক্তিযোদ্ধাদের সাহসী ঘটনা। বড়দের কাছে শুনেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা। দেশের জন্য মানুষের এই আত্মত্যাগ দুই তরুণকে আগ্রহী করে তুলেছে আরও জানতে। একসময় এই আগ্রহই তাঁদের নিয়ে গেছে দেশ-বিদেশের সংগ্রহশালায়। তাঁরা খুঁজে ফিরেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস। এই দুই তরুণ হলেন সাব্বির হোসাইন ও শান্তা আনোয়ার। তাঁরা গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট। সাব্বির এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং শান্তা সভাপতি।
এই ট্রাস্টের নানা উদ্যোগের একটি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’। ইন্টারনেটভিত্তিক এই সংগ্রহশালায় রয়েছে মুক্তিযুদ্ধের বই, দলিল, সে সময়ের পত্রপত্রিকা, মুক্তিযোদ্ধাদের গেজেট, তথ্যচিত্র, ভিডিও ফুটেজ, চলচ্চিত্র, অডিও ও আলোকচিত্র। মোটকথা এটি ডিজিটাল গণগ্রন্থাগার ও আর্কাইভ। ইন্টারনেট-সংযোগ থাকলেই জানা যাবে মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য তথ্য। বর্তমানে ১২ জন গবেষক-কর্মী কাজ করছেন মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে। ১৯৭১ থেকে এখন পর্যন্ত নানা তথ্য যুক্ত হচ্ছে এই আর্কাইভে।
মুক্তিযুদ্ধের সব বইপত্র, দলিল কিনতে পাওয়া যায় না। তা ছাড়া সামর্থ্যের বিষয়ও রয়েছে। প্রান্তিক পর্যায়ে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত পড়াশোনা বা গবেষণা করতে চান, তাঁর পক্ষে তা বেশ কষ্টসাধ্য। আর এই সুযোগ করে দিতে উদ্যোগী হন সাব্বির ও শান্তা। সবার কাছে বিনা মূল্যে ও সহজে মুক্তিযুদ্ধের ইতিহাস-পাঠ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। মুক্তিযুদ্ধের তথ্য এক জায়গায় রাখার চিন্তাও করেন। তাঁরা উদ্যোগী হন একটি ডিজিটাল পাঠাগার গড়ে তোলার। এই পাঠাগারে থাকবে দেশ-বিদেশ থেকে পাওয়া মুক্তিযুদ্ধের তথ্য, দলিল ইত্যাদির ডিজিটাল রূপ। ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে পাঠক-গবেষক এসব তথ্য বিনা মূল্যে পড়তে ও দেখতে পারবেন। এসব ভাবনা নিয়েই শুরু হয় সাব্বির ও শান্তার পথচলা। ই-পাঠাগারটির নাম দেওয়া হয় মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ।
২০১৬ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধবিষয়ক ডিজিটাল গণগ্রন্থাগার মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের। এর আগে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্র’ নামে ২০০৭ সাল থেকে তথ্য সংগ্রহ করতে থাকেন তাঁরা। ২০১৪ সালে পরীক্ষামূলক ওয়েবসাইট চালু করে পাঠক-গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের নিবন্ধন হয় ২০১৬ সালের মার্চ মাসে।
ই-আর্কাইভে আছে প্রায় সাড়ে চার হাজার বই। মুক্তিযুদ্ধের দুর্লভ অনেক দলিল, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের উল্লেখযোগ্য ঘটনার পত্রিকাও (১৯৪৭ থেকে ২০০০ সাল) রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের গেজেট ও বিভিন্ন তালিকা, শতাধিক প্রামাণ্যচিত্র, এক হাজারের বেশি ভিডিও ফুটেজ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রায় পাঁচ হাজার আলোকচিত্র পাওয়া যাচ্ছে এই আর্কাইভে। অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ তো রয়েছেই।
ইংরেজিতে লেখা বই-প্রবন্ধ নিয়ে রয়েছে ইংরেজি বিভাগ। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে ১৫ খণ্ডের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র রয়েছে। আছে মুক্তিযুদ্ধ-সংক্রান্ত বিভিন্ন দেশের নথি, আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন। মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষকদের প্রকাশিত প্রায় সব বইও এই আর্কাইভে পাওয়া যাচ্ছে। আরও রয়েছে মুক্তিযুদ্ধকালীন বিভিন্নজনের লেখা রোজনামচা ও স্মৃতিকথা। মুক্তিযুদ্ধের সময় লেখা উপন্যাস শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত; রয়েছে তরুণ লেখক মিজানুর রহমান খানের মুক্তিযুদ্ধের গল্প সোনার পরমতলাও।