

সম্পাদকীয়: ইউক্রেন যুদ্ধ শুরু করার পর রাশিয়াকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে একঘরে করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা এবং দেশটি নেতৃত্বাধীন সামরিক জোট নেটো।
কিন্তু সেই চেষ্টা সফল করতে জোটের যে সদস্য দেশটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, সেই তুরস্ক তাতে বাদ সাধছে। মস্কোর ওপর নিষেধাজ্ঞা মানতে অস্বীকার করেছে তারা।
এমনকি যে দেশটি আমেরিকার শত্রু তালিকার শীর্ষে, সেই ইরানের আতিথ্য গ্রহণ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে তেহরান গেছেন প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান।
স্পষ্টতই, গত কয়েক বছর ধরে – বিশেষ করে ২০১৬ সাল থেকে – মি. পুতিনের সাথে যে ঘনিষ্ঠতা তিনি তৈরি করেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে তা জলাঞ্জলি দিতে রাজী নন মি. এরদোয়ান।
কিন্তু রাশিয়া এবং তুরস্কের সম্পর্কের যে ইতিহাস, যে মাত্রার স্বার্থের দ্বন্দ্ব এখনও এই দুই দেশের মধ্যে রয়েছে, তাতে পুতিন ও এরদোয়ানের এই ঘনিষ্ঠতা নিয়ে এখনও অনেক পর্যবেক্ষক চোখ কপালে তোলেন। সিরিয়ায় রুশ এবং তুর্কি সৈন্যরা এখনও কার্যত মুখোমুখি। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট আসাদকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দিতে তুরস্ক রাজী নয়। বরঞ্চ সিরিয়ার আরও এলাকা দখলের পরিকল্পনা করছে তারা।
২০১৫ সালে সিরিয়ায় তাদের সীমান্তে রুশ একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিল তুরস্ক, যা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আজারবাইজানে দেশ দুটো ভিন্ন দুই শিবিরে। নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে তুরস্কের সাহায্য নিয়ে আজারবাইজান যখন আর্মেনিয়াকে কোণঠাসা করতে শুরু করে, তখন রাশিয়া হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি চাপিয়ে দেয়।
রাশিয়া লিবিয়ায় অস্ত্র, টাকা-পয়সা দিয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকারী মিলিশিয়া নেতা খালিফা হাফতারকে সাহায্য করছে। অথচ তুরস্ক সমর্থন করছে ত্রিপলীর সরকারকে।