

খাদেমুল বাবুল:
সাংবাদিকের ওপর হামলাকারী কাউন্সিলর রুনু খান, ছেলে ছাত্রলীগ নেতা রাকিব খান ও সহযোগী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জামালপুরে কর্মরত সাংবাদিকরা। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নুরুল হক জঙ্গী, সাজ্জাত আনছারী, মোস্তফা বাবুল, শুশান্ত কানু, মোস্তফা মনজু, জাহাঙ্গীর আলম, জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মিন্টু, শওকত জামান, জাহাঙ্গীর সেলিম, খাদেমুল বাবুল, জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা ভুমি-দস্যু, সন্ত্রাসী পৌর কাউন্সিল রুনু খানসহ সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। তারা বলেন, রুনু খান ও তার লালিত সন্ত্রাসীরা এক এক করে সাংবাদিকদের ওপর হামলা করে চলেছে। সম্প্রতি সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামালা মামলার সাক্ষী সাংবাদিক শেলু আকন্দের দুটি পা ভেঙ্গে দিয়েছে আওয়ামীলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীরা। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া রুনু খানকে পৌর কাউন্সিলর পদ থেকে অব্যহতি, সাব-রেজিষ্ট্রার অফিসের ষ্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স ও আওয়ামীলীগের সদস্য বাতিলসহ ছেলে রাকিব খানকে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।