করোনা ভাইরাস উপলক্ষে সরকার সকল সেক্টর বন্ধ রাখলেও বন্ধ হয়নি ইটভাটা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

এম এ মান্নান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
করোনা ভাইরাস উপলক্ষে সরকার সকল সেক্টর বন্ধ রাখলেও ময়মনসিংহের ফুলপুরে বন্ধ হয়নি কোন ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও বিভিন্ন নিয়ম ভঙ্গ করে অনেকেই সগৌরবে চালিয়ে যাচ্ছেন এসব ইটভাটা। প্রতিটা ইটভাটায় প্রায় হাজারখানেক করে শ্রমিক কাজ করে থাকেন। এদের থাকার তেমন কোন সুব্যবস্থা নেই বললেই চলে। খুবই স্বল্প জায়গায় গাদাগাদি বা চাপাচাপি করে থাকতে হয় তাদের। উপজেলার আলোকদি, ফতেপুর, ঠাকুর বাখাই, ভাইটকান্দি, পয়ারী, নিশ্চিন্তপুর, বওলা, রূপসী, ইমাদপুর, রামভদ্রপুর ও বাঁশাটী গ্রামে একতা, সততা, সামাদ, দাওয়া, হৃদয়, সেবা, সোনালী, দিয়া ও টাটাসহ বিভিন্ন নামে প্রায় ৩০টিরও বেশি ইটভাটা রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, করোনা ভাইরাস উপলক্ষেও তাদের কোন ছুটি নেই। প্রায় সব ইটভাটাতেই শ্রমিকরা কাজ করছেন। ‘করোনা ভাইরাসের ভয়ে সবাই কাজকাম ফেলে বাড়িতে অবস্থান করছেন কিন্তু আপনি কেন এখনো এখানে কাজ করছেন?’ এমন প্রশ্নের উত্তরে সততা ইটভাটার নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন, কি করবাম, বাহু? আগে টেহা নিয়া থইছি। অহন মালিকে ছুডি দেয় না। কাম তো করন লাগবোই। আমরা গরিব মানুষ। কাম না করলে দিন চলবো? আলোকদি গ্রামের আরেকজন শ্রমিক বলেন, করোনা উপলক্ষে সরহার সব বন্ধ দিছে কিন্তু আমরার বন্ধ নাই। ইটভাটার একজন মালিক বলেন, সবাই চালাইয়া যাইতাছে, তাইলে আমরা বন্ধ রাখতাম কেয়া? পরিবেশ অধিদপ্তর থেকে আপনার ইটভাটার কোন ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ছাড়পত্র কয়জনের আছে? গিয়া দেহুইন গা কেউরি নাই। থাকলেও মেয়াদ উত্তীর্ণ অইয়া গেছে। মেয়াদ নাই। এ বিষয়ে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূর আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আসলে ছাড়পত্র কার আছে, কার নেই তা এ মূহুর্তে বলা যাবে না। অফিস খোলা হলে একদিন আসেন, দেখবোনে। পরে করোনা উপলক্ষে সরকার সকল সেক্টর বন্ধ রাখলেও ইটভাটাগুলো বন্ধ না রাখার কারণ সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, ইটভাটা বন্ধ রাখা না রাখা বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা কোন নির্দেশনা পাইনি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে যদি তারা কাজ করতে পারেন তবে করবেন তানাহলে আমরা ইটভাটাগুলো লক ডাউন রাখতেই মালিকদের বলে দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code