সৈয়দ জামিলের কর্মশালায় শোবিজ তারকারা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
বিনোদন ডেস্কঃ দেশের প্রখ্যাত নাট্যজন সৈয়দ জামিল আহমেদ। সাম্প্রতিক সময়ে আলোচিত থিয়েটার প্রযোজনার মধ্যে তার একাধিক কাজ রয়েছে। বিশেষ করে ‘রিজওয়ান’-এর ব্যাপক জনপ্রিয়তার পর তিনি সর্বাধিক দর্শকের কাছে পৌঁছে গেছেন। শুধু সাধারণ দর্শকই নয়, তার কাজের প্রতি অনুরাগ ও সম্মান জন্মেছে শোবিজ তারকাদের মধ্যেও। ইদানীং প্রায়ই শোনা যায়, এ প্রজন্মের শোবিজ তারকারা কিছু শিখতে চায় না। শর্টকাটে তারকাখ্যাতি আর অর্থের পেছনে ছুটছে তারা ইত্যাদি কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি ঘটনা সবার মধ্যে তরুণ প্রজন্ম নিয়ে ইতিবাচক ভাবনার জন্ম দিতে পারে। তা হলো, তরুণ প্রজন্মের একঝাঁক প্রতিষ্ঠিত তারকা জামিল আহমেদের থিয়েটারভিত্তিক কর্মশালায় অংশ নিয়েছেন। তারা হলেন মৌটুসী বিশ^াস, আশনা হাবিব ভাবনা, সাবিলা নূর, ইয়াশ রোহান, নাযিফা তুষি, শর্মিমালা, কাজী নওশাবা আহমেদ, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন শিলা, কান চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে আসা নির্মাতা আরিফ বিজন, অ্যাপেল বক্স প্রোডাকশনের পরিচালক রাকা প্রমুখ। সোশ্যাল মিডিয়ায় তারা অকপটে জানিয়েছেন, কীভাবে এই কর্মশালা তাদের মানসিক পরিবর্তনে সহায়তা করেছে। কীভাবে তারা অভিনয় শেখার প্রক্রিয়ায় ঢুকতে পেরেছেন। জামিল আহমেদের কর্মশালার কোর মেম্বারদের অন্যতম মোহসীনা আক্তার বলেন, ‘আমি স্যারের শিক্ষার্থী। কয়েক বছর ধরে তার সঙ্গে কাজ করছি। বিশেষ করে তার কর্মশালা শুরু হয়েছে তিন বছর হলো। কিন্তু সর্বশেষ দুটি কর্মশালায় শোবিজ তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষত তরুণ প্রজন্মের তারকাদের অংশ নিতে দেখে ভালো লেগেছে।’ তিনি আরও বলেন, ‘এই কর্মশালা নিয়মিত চলবে। এজন্য যে একেবারে অভিজ্ঞ হতে হবে তা নয়। মূলত যাদের শেখার আগ্রহ আছে তারাই আসবেন। শুধু অভিনয় নয়, লাইট, সেট, কস্টিউম, প্রপসসবকিছু নিয়েই আমরা একের পর এক কর্মশালা করাব। কারণ দেশে এসব শেখার সুযোগ সবার জন্য অত সহজ নয়। আমরা চাই তরুণ প্রজন্ম শেখার মাধ্যমে যেন তাদের কাজের মান উন্নত করতে পারে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code