১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাবে মালয়েশিয়া

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪২ minutes ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: দক্ষতা প্রশিক্ষণের একটি পরিকল্পিত কর্মসূচির আওতায় দেশটিতে অবস্থানরত ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়া। শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের পর রোহিঙ্গাদের ঘিরে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় পুনর্বাসন পদক্ষেপ।  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো হত্যাযজ্ঞ ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্র-প্রয়োজিত গণহত্যার শামিল। এর পরই নতুন এ পরিকল্পনা সামনে এল। এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেছেন, প্রস্তাবটি মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতিকে আরও সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে মোকাবিলার জন্য সরকারের প্রচেষ্টার একটি অংশ।

Manual3 Ad Code

উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করতে তুরস্ক সরকারের সম্মতিকে আমি স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটি সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খোঁজার জন্য মালয়েশিয়ার প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার মতে, শরণার্থী পুনর্বাসনের কাজে কয়েকটি দেশ কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে এ উদ্যোগ তার একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। আহমদ জাহিদ বলেন, সরকার অংশগ্রহণকারী নির্বাচন, প্রশিক্ষণ, নথিপত্র তৈরি এবং পুনর্বাসনের সমন্বয়ের জন্য তুরস্কের কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। এর বাস্তবায়নে শিল্প খাতের চাহিদা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক নিয়মকানুন বিবেচনায় রাখা হবে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে দেশের ভেতরে স্থানীয়দের সঙ্গে টানাপোড়েন বাড়ায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে মালয়েশিয়ার ওপর চাপ তৈরি হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। এরই মধ্যে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code