

ইন্টারন্যাশনাল ডেস্ক: তিন বোন এবং তাদের সন্তানদের মরদেহ একটি কূপে পাওয়া যাওয়ার আগে তারা তাদের বিয়ে করা পরিবারকে দায়ী করে বার্তা রেখে গেছেন। যৌতুক নিয়ে বিরোধের শিকার ছিলেন তিন বোন- কালু, কমলেশ ও মমতা মিনা। একই বাড়ির তিন ভাইকে বিয়ে করেছিলেন ওই তিন বোন। বাস করতেন একই বাড়িতে। তবে তাদের স্বজনরা জানিয়েছেন, স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষের কাছে প্রায়ই নির্যাতনের শিকার হতেন তারা। বাবা অতিরিক্ত টাকার জোগান দিতে ব্যর্থ হলেই তিন বোন ক্রমাগত নির্যাতনের শিকার হতেন বলে দাবি করেছেন তারা। গত মাসে তিন বোনের মরদেহ পাওয়া যায় তাদের শ্বশুরবাড়ির কাছের একটি কূপে। রাজস্থানের জয়পুরের উপকণ্ঠে এক গ্রামের ওই কূপে আরও পাওয়া যায় কালুর চার বছরের ছেলে এবং নবজাতক শিশুর মরদেহ। কমলেশ ও মমতা ছিলেন গর্ভবতী। তিন বোনের এক আত্মীয় জানান, তাদের একজন মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করেন তাকে। এতে লেখা ছিল, ‘আমরা মরতে চাই না কিন্তু তাদের নিপীড়নের চেয়ে মৃত্যু ভালো। আমাদের মৃত্যুর পিছনে শ্বশুরবাড়ির লোকজন আছে। আমরা একসঙ্গে মারা যাচ্ছি, কারণ প্রতিদিন মরার চেয়ে এটা ভালো।’