

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে প্রতিবারই বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় শিক্ষকদের। কখনও উত্তরপত্রে নম্বর বাড়ানোর আর্জি, কখনও মজার ছড়া লেখা থাকে খাতায়। তাই বলে উত্তরপত্রে লেখা থাকবে ‘গালাগালি’? শিক্ষার্থীদের এমনকাণ্ডে অবাক হয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষ ও অভিভাবকরাও। সূত্রের খবর, প্রতিবছরই বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের উত্তরপত্র বাতিল করতে হয়। এর পেছনে বেশ কিছু বিষয় নজরে আসে। কেউ এমন উত্তর লিখেছে, যার সঙ্গে কোনও সংশ্লিষ্টতা নেই মূল বিষয়ের। কোনও প্রশ্নের উত্তর না লিখে পাস করিয়ে দেওয়ার অনুরোধের নজিরও রয়েছে।
এ বছর মাধ্যমিকের খাতা দেখে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে মাথায় হাত সংশ্লিষ্টদের। মাধ্যমিকের উত্তরপত্রে গালিগালাজ লিখে পরীক্ষার খাতা ভরিয়েছে কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় ডেকে পাঠানো হয়েছে ওই অভিভাবকদের। পর্ষদের কলকাতার দফতরে এসেছিলেন সন্তানদের সঙ্গে নিয়েই। শিক্ষার্থীদের সামনেই খাতা খুলে দেখানো হয়।