

ইন্টারন্যাশনাল ডেস্ক:লং মার্চে গুলি করে হত্যাচেষ্টায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় কোনও সেনা কর্মকর্তা জড়িত নয় জানিয়ে ইমরানের অভিযোগকে ভিত্তিহীন বলেছে পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
আজ পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অল্পের জন্য রক্ষা পান তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেন, বৃহস্পতিবার তাকে লক্ষ্য করে চালানো হামলার সময় তার পায়ে চারটি গুলি লেগেছে। আগেই তিনি জানতেন তার ওপর হামলা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।