

ডেস্ক রিপোর্ট: সৌম্য সরকার গত নভেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। আগামী মাসের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাবেন তিনি। তার আগে মিরপুরে তিন দিনের প্রি-কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন। শনিবার ক্যাম্পের শেষ দিনে সহকারী কোচ নিক পোথাস বলেছেন, জাতীয় দলে ফিরতে হলে সৌম্যকে রান করেই ফিরতে হবে।
চন্ডিকা হাথুরুসিংহের ‘প্রিয়পাত্র’ ছিলেন সৌম্য। তার প্রথম মেয়াদে অসাধারণ প্রতিভা নিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই ব্যাটারের। ভয়-ডরহীন ক্রিকেট খেলে নামও কুড়িয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতার প্রশ্নে সৌম্য ছিলেন ব্যর্থ। তারপরও তাকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়ে গেছেন হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে কোচ হওয়ার পর সৌম্যকে দেখতে আফগানিস্তানের বিপক্ষে প্রি-কন্ডিশনিং ক্যাম্পে ডাকেন তিনি। সেখানে গত তিন দিন সাদা বলের অনুশীলন করেছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। এই অল্প সময়ে সব আলো যেন ছিল তাকে ঘিরেই।
জাতীয় দলের হয়ে সৌম্যর সবশেষ ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে। ওয়ানডে তো খেলেছিলেন ২০২১ সালের মার্চে। লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও রান করতে পারছেন না। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের একাদশ থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। যদিও লিগের শেষ ম্যাচে সেঞ্চুরি করে জায়গা পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপের দলে।