

সাউথ এশিয়া ডেস্ক:
জাপানের দুটি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিসান বৈদ্যুতিক যানবাহন (ইভি) নির্মাতা একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে বলে জানা গেছে। চলতি বছরের মার্চ মাসে, এই দুটি প্রতিষ্ঠান ইভি খাতে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়। বিশেষত চীনের প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে এমন পদক্ষেপ নিচ্ছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দুই কোম্পানি বিবিসিকে একযোগে একটি বিবৃতি দিয়ে জানায়, চলতি বছরের মার্চের ঘোষণা অনুযায়ী, হোন্ডা ও নিসান ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা অন্বেষণ করছে, যেখানে তারা একে অপরের শক্তিকে কাজে লাগাবে।
পেট্রোল ও ডিজেলচালিত থেকে বৈদ্যুতিক গাড়ির দিকে গাড়ি শিল্পের স্থানান্তরের মধ্যে অনেক গাড়ি নির্মাতা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি। চীনে ইভি উৎপাদন দ্রুত বেড়ে যাওয়ার ফলে এই প্রতিযোগিতা আরও বাড়ছে।
জাপানের দৈনিক পত্রিকা নিক্কেই-এর প্রতিবেদনে আলোচিত এই একীভূতকরণের বিষয়টি হোন্ডা ও নিসান সরাসরি অস্বীকার করেনি। তবে তারা জানিয়েছে, এটি এমন কিছু নয় যা কোনও কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।