কুমিল্লা-৭ উপনির্বাচন : কে হচ্ছেন নৌকার মাঝি?

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন-প্রত্যাশীদের দৌড়ঝাঁপ চলছে। এসব মনোনয়নপ্রত্যাশীর অনেকেই এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থিতার বিষয়টি কৌশলে তুলেও ধরছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হতে চান, এমন ৮ জন প্রার্থীর নাম ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে। আর এসব নেতার অনুসারীরা ফেসবুকে নিজ-নিজ পছন্দের নেতাদের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গড়ে তুলছেন জনমতও। তবে, যে যেভাবেই প্রচারণা চালাক, এই আসনে শেষ পর্যন্ত কে হচ্ছেন নৌকার কাণ্ডারি, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

Manual5 Ad Code

উল্লেখ্য, আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ।

এদিকে গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই উপনির্বাচন নিয়ে উচ্ছ্বাস-আগ্রহ দেখা দিয়েছে। তবে, এই উপনির্বাচন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা এখনো নীরব। তাদের মধ্যে নির্বাচন নিয়ে কোনো তৎপরতা চোখে পড়েনি।

রাজনীতিকভাবে কুমিল্লা উত্তর ও দক্ষিণ; এই দুই সাংগঠনিক জেলায় বিভক্ত। উত্তর জেলার ৭টি উপজেলার ‘কেন্দ্র’ হিসেবে পরিচিত চান্দিনা উপজেলা। এখানে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের কুমিল্লা উত্তর জেলা কার্যালয় রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পকারখানার কারণে চান্দিনা উপজেলার গুরুত্ব আলাদা।

Manual4 Ad Code

উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় রয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য (ভিসি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজালাল মিঞা শিপন, চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার রিপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন আজাদ, নারী নেত্রী ও জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাজনীন আক্তার। এছাড়া আলোচনায় রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) কুমিল্লা উত্তর জেলার সভাপতি লুৎফর রেজা খোকনের নামও।

মনোনয়ন-প্রত্যাশীদের সম্পর্কে জানতে চাইলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী বলেন, ‘আজ (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। সভায় এ আসনের উপ-নির্বাচনে মুনতাকিম আশরাফ টিটুকেই আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে দলীয় প্যাডে ওই একক প্রার্থী হিসেবে তার নাম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সভায় উপজেলার সব (১৩টি) ইউনিয়নের ও একটি পৌরসভার দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা তার মনোনয়নের ব্যাপারে আশাবাদী।’

চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দলের স্থানীয় নেতা মো. হুমায়ুন কবির বাবুল বলেন, ‘এখানকার মাটির সঙ্গে প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফের সম্পর্ক। তিনি আমৃত্যু চান্দিনার উন্নয়নে সচেষ্ট ছিলেন। তার ছেলে মুনতাকিম আশরাফ টিটু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দলকে তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজিয়েছেন। আশা করি, দল তাকে মনোনয়ন দেবে। তিনি তার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করে চান্দিনাকে এগিয়ে নেবেন।’

Manual6 Ad Code

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ৮ জন নেতা বলেন, এখানে দীর্ঘদিন ধরে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি চান্দিনায় বেশ কয়েকটি বড় শোডাউনও করেন। পরে তিনি মনোনয়ন না পেলেও তার সঙ্গে দলের নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে। এখানে দলের নেতৃত্ব আছেন প্রয়াত এমপি আলী আশরাফের ছেলে, তাই দলের কমিটি তো তার পক্ষেই থাকবে। কিন্তু এই বছর দল প্রাণ গোপাল দত্তকে মূল্যায়ন করে মনোনয়ন দিলে দলের পাশাপাশি চান্দিনার অনেক উন্নয়ন হবে।

তবে, অন্য মনোনয়ন-প্রত্যাশীদের বিষয়ে স্থানীয় নেতাদের প্রসঙ্গে স্থানীয় নেতাকর্মীরা বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। এখানে অনেক যোগ্য নেতৃত্ব গড়ে উঠেছে। কিন্তু সবাই তো মনোনয়ন পাবেন না। দলের প্রার্থী মনোনয়ন বোর্ড যাকেই প্রার্থী দিক না কেন নৌকার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

দলের মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, দীর্ঘদিন ধরে দল ও চান্দিনার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছি। আমি দলের সভাপতির কাছে মনোনয়ন চাইবো। আমাকে যোগ্য মনে করলে দল মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পেলে নৌকাকে বিজয়ী করে এলাকার মানুষের জন্য কাজ করবো।

মুনতাকিম আশরাফ টিটু বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমার বাবা এ আসনের ৫ বারের এমপি ছিলেন। তিনি সারাক্ষণ এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তিনি আরও বলেন, এই উপজেলার সব ইউনিয়নের দলের কমিটির নেতাদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত পেলে দলের স্থানীয় দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবো। তবে দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সহিদ উল্লাহ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে গিয়ে শিবিরের হামলায় বহুবার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। সাংগঠনিকসহ বিভিন্ন নির্বাচনে দলের প্রার্থীর বিজয়ের জন্য মাঠে ছিলাম। আশা করি, দল আমাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

অ্যাডভোকেট মো. শাহজালাল মিঞা শিপন বলেন, ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে চান্দিনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়। এতে নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া হয়ে পড়েন। তখন আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শাহজাদা মিয়া খোকা নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ান, আশ্রয় দেন। তখন ভাইয়ের নির্দেশে ওই সময় থেকে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের বিনা খরচে আইনি সহায়তা দেওয়া শুরু করি। যা এখনো অব্যাহত আছে। আশা করি, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বিষয়টি বিবেচনা করবেন। তবে দল যাকে মনোনয়ন দেবে, ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করবো।

জাকির হোসেন আজাদ বলেন, আমি সারা জীবন দলের জন্য কাজ করে যাচ্ছি। একাধিকবার কারাবরণ করেছি। দলের দুঃসময়ে মাঠে ছিলাম। মনোনয়ন চাইবো। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।

নাজমুল আহসান মজুমদার রিপন, নাজনীন আক্তার ও লুৎফর রেজা খোকনকে একাধিকবার মোবাইলফোনে কল দিলেও তারা রিসিভ করেননি। এই কারণে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code

উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের দলীয় এমপি অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসন শূন্য হয়। এরপর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। এরপর প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর এখানে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এই আসনের আয়তন ২০২ বর্গকিলোমিটার। ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসন গঠিত। এর ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৭২১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৫৯৩ জন। নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ১২৮ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code